সংক্ষিপ্ত পরিচিতি
ড. শেখ আব্দুর রশীদ ১৬ অক্টোবর ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন গুণী কর্মকর্তা। তাঁর কর্মজীবন শুরু থেকে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালের ৫ মে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
ড. শেখ আব্দুর রশীদ এস.এস.সি. ও এইচ.এস.সি. উভয় পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। পরে তিনি নেদারল্যান্ডসের দি হেগ-এ অবস্থিত ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে Public Policy and Administration বিষয়ে এম.এ. ডিগ্রি এবং ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৪র্থ এবং প্রশাসন ক্যাডারে ১ম স্থান অধিকার করেন।
পেশাগত দায়িত্ব
মাঠ প্রশাসনে তিনি শেরপুর (বগুড়া) উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় পর্যায়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং বাণিজ্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক ও মহাপরিচালক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এবং বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষদ সদস্য হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন।
বর্তমান দায়িত্বসমূহ
বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পেশাগত প্রশিক্ষণ ও বিদেশ সফর, দেশে এবং বিদেশে
পেশাগত উৎকর্ষ ও উন্নয়নের লক্ষ্যে ড. শেখ আব্দুর রশীদ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র, অ্যালাবামা, যুক্তরাষ্ট্র
নেভাল পোস্টগ্রাজুয়েট স্কুল, মন্টেরি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি
অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া
কৃষি প্রকল্প পরিষেবা কেন্দ্র, কাঠমন্ডু, নেপাল
এছাড়াও, তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে সরকারি কার্যোপলক্ষে সফর করেছেন।